জাতীয় শিক্ষা সপ্তাহে শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ড. তরু

নিউজ ডেস্ক

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ফোকলোরবিদ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু। তিনি ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজ-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. তরু চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রখ্যাত শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম এবং তাহেরা ইসলামের সন্তান। ১৯৯৫ সালে শিক্ষকতা পেশায় যোগদানের পর তিনি কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ এবং আদিনা ফজলুল হক সরকারি কলেজে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন।

তিনি নবাবগঞ্জ সরকারি কলেজে দীর্ঘ ১৬ বছর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।

একজন খ্যাতিমান গবেষক হিসেবে ড. তরুর ইতোমধ্যে ৫৪টি গবেষণাগ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র ফোকলোর, নৃ-গোষ্ঠীর সমাজ ও সংস্কৃতি, মুক্তিযুদ্ধ এবং আঞ্চলিক ইতিহাস। তিনি বাংলা একাডেমি-এর জীবন সদস্য। এছাড়া বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. তরুর এই সাফল্যে শিক্ষা অঙ্গনে সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।