নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২০২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশ

খালিদ হাসান সোহাগ

গণভোট–২০২৬ সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর উদ্যোগে অভিভাবক সমাবেশ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম অধিবেশনে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

 “গণভোট–২০২৬: দেশের চাবি আপনার হাতে”

এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় অভিভাবকদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয় এবং পরিবর্তনের লক্ষ্যে “হ্যাঁ” ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম হামিদ, মরিয়ম নেসা, মোঃ নেয়মাতুল্লাহ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হাসান আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 অভিভাবকদের বক্তব্য

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের কর্মকর্তা আবু জাফর। তিনি বলেন—“গণভোটের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। এতে কোনো দল ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করার সুযোগ পাবে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে।”

তিনি আরও বলেন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশের অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাকেও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। এজন্য তিনি অভিভাবকদের সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

ঐক্যমতের মাধ্যমে সমাপ্তি

সভা শেষে উপস্থিত অভিভাবকরা গণভোটে সক্রিয় অংশগ্রহণ এবং “হ্যাঁ” ভোট প্রদানের বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।