
খালিদ হাসান সোহাগ
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। হাইকোর্ট মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিলেও প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি বাৎসরিক ছুটির তালিকা তৈরি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এ পাঠানো হয়েছে। ওই তালিকা অনুযায়ী, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৮ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত মোট ১৯ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ ছুটির তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে অধিদপ্তরের উপ-পরিচালক জয়নাল আবদীন জানান, হাইকোর্টের নির্দেশনায় শুধুমাত্র মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির বিষয়ে উল্লেখ রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। তিনি বলেন,
“৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির প্রস্তাব করা হয়েছে। তবে এটি চূড়ান্ত হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।”
অধিদপ্তর জানিয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদনের পরই প্রাথমিক বিদ্যালয়ের ছুটির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।