
নাসিম আলী,স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি(আদিবাসি) সম্প্রদায়ের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি (আদিবাসি) একাডেমী ও রাণী ইলামিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময়সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দু'জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। মতবিনিময়কালে স্বাগত বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি(আদিবাসি) একাডেমী ও রাণী ইলামিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং। এসময়
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। আদিবাসি সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমিন কর্মকার। বক্তব্য শেষে এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫+ প্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থী সুপ্রভা রানী ও সিমতি মুর্মুকে আদিবাসি একাডেমীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী-পুরুষগণ প্রধান অতিথিকে আদিবাসি নৃত্য, তীর-ধনুক ও জাতীয় পতাকা নিয়ে বরণ করে। বিকেলে মনোজ্ঞ আদিবাসি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।