নাচোল সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট আশিক ইকবাল সুজন

নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঐতিহ্যবাহী সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। নবগঠিত এই কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আশিক ইকবাল সুজন।

গত ১৮ জুন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন নিশ্চিত করা হয়।


দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত রয়েছেন অ্যাডভোকেট আশিক ইকবাল সুজন। তাঁর এই পুনঃমনোনয়নের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক আনন্দ ও সন্তোষ দেখা গেছে।

স্থানীয়দের মতে, তাঁর মতো একজন যোগ্য, দক্ষ ও শিক্ষানুরাগী মানুষের নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।


বিদ্যালয় সংশ্লিষ্ট ও স্থানীয় জনগণের প্রত্যাশা, এই নবগঠিত এডহক কমিটির হাত ধরে বিদ্যালয়ের সার্বিক চিত্র বদলে যাবে। বিশেষ করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদানের পরিধি আরও বাড়বে,বিদ্যালয়ের ভবন ও মাঠসহ সার্বিক অবকাঠামোর উন্নয়ন বেগবান হবে,স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে।

একটি শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী নেতৃত্বের সমন্বয়ে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে আরও বড় সাফল্য ও গৌরবের স্বাক্ষর রাখবে এমনটাই মনে করছেন এলাকার সর্বস্তরের মানুষ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।