
নাসিম আলী,স্টাফ রিপোর্টার
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে নাচোল পৌরসভার সীমানা পিলারসংলগ্ন মো. আলীর বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া হিসেবে থাকা ডালিমের ঘরে তল্লাশি চালিয়ে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মাদকসহ মো. নজরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তারাপুর গ্রামের আয়নাল হকের ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল ভাড়াটিয়া ডালিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নাচোল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মো. নজরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও চিরুনি তল্লাশি ভবিষ্যতেও চলমান থাকবে।