
নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে। তবে বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের সন্দেহজনক রোগী ভর্তি রয়েছেন মাত্র ১ জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় হামের সন্দেহজনক মোট ১ হাজার ৬৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ৩ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং কোনো রোগীকে রেফার্ড করা হয়নি।
বর্তমানে শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের সন্দেহজনক কোনো রোগী ভর্তি নেই। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ১ জন। ফলে জেলায় বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ জন।
এদিকে, হামের সন্দেহজনক রোগীদের মধ্যে এ পর্যন্ত ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের নমুনা পজিটিভ এসেছে। জেলায় হামের সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ৭ জন। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, বর্তমানে জেলার হাসপাতালগুলোতে হামের সন্দেহজনক রোগীর চাপ অনেকটাই কমে এসেছে। নতুন রোগী শনাক্ত ও ভর্তি পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহজনক রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পাশাপাশি নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম অব্যাহত রয়েছে।