রহনপুর ইউনিয়নে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব নির্বাচিত হন। এছাড়া সাধারণ সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন— রহনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিবুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম। ভোটে টিয়া প্রতীকে ২২২ ভোট পেয়ে আজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অপর প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম মই প্রতীকে ১৭৯ ভোট পেয়েছেন। এছাড়া শহীদুল ইসলামকে সহসভাপতি নির্বাচিত করা হয়। পরবর্তীতে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে এই কমিটি।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ, সম্পাদক ফজলুর রহমান, বোয়ালিয়া ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রানা, গোমস্তাপুর ইউনিয়নের সভাপতি আবু রায়হান, রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, যুবনেতা সাজ্জাদ আলীসহ বিএনপির অঙ্গগসংগঠনের নেতাকর্মীরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।