অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৩৮৯ জন

নিউজ ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে এক হাজার ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন ৩৮৯ জন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে বুধবার রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত এক হাজার ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার হয়েছেন ৭৫১ জন।

গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি দেশীয় পাইপগান ও একটি দেশীয় কুড়াল রয়েছে।

অপারেশন ডেভিল হান্ট এক বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করা হয়। অভিযোগ রয়েছে, ওই হামলায় নেতৃত্ব দেন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার ফলে বেশ কয়েকজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন।

ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ‘ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযান শুরু হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।