আওয়ামী সরকারের আমলে গুম-খুনে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে গণহত্যা ও আওয়ামী সরকারের আমলে গুম ও খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি হয়েছে। বুধবার সকালে কালেক্টরেট চত্বরে এই কর্মসূচির আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ।

শহরের বাতেন খাঁ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে মিলিত হয়। এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওহেদুজ্জামান, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মোজাহিদ, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামহর অন্যরা।

এ সময় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ৫ দফা জানানো হয়। এরমধ্যে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাউন্ড শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধের পদক্ষেপ গ্রহণ করা। ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।