নতুন ছাত্র সংগঠনের নাম ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’

নিউজ ডেস্ক

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' থেকে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নতুন এ ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা করা হয়।

ঘোষণার আগেই কমিটির বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।

বিক্ষোভ চলাকালেই মধ্যেই মধুর ক্যান্টিনের ভেতরে ঢুকে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন।

এছাড়া ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ঢাবি কমিটির আহ্বায়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম ও মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।

নতুন এই ছাত্র সংসদের স্লোগান ঠিক করা হয়েছে ‘শিক্ষা ঐক্য মুক্তি’।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।