খালিদ হাসান সোহাগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খুরশিদ আলম বাচ্চু-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির নির্ধারিত দিনে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয়। এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় টেকনিক্যাল ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। তবে আপিল শুনানিতে দাখিলকৃত কাগজপত্র ও তথ্যাদি সঠিক প্রমাণিত হওয়ায় কমিশন তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি প্রদান করে।
এ রায়ের ফলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খুরশিদ আলম বাচ্চুর আর কোনো আইনগত বাধা রইল না।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খুরশিদ আলম বাচ্চু বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি। নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানাই। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের অবহেলিত মানুষের অধিকার আদায়ে এবং লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমি এখন পুরোপুরি নির্বাচনী মাঠে থাকব।”
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত। আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে এলাকায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।