মোঃ জমশেদ আলী
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে অভিবাসনসংশ্লিষ্ট সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের এমআরএসসি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অভিবাসনপ্রত্যাশীদের সঠিক তথ্য প্রদান, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা তৈরি, অভিবাসনসংক্রান্ত সেবা সহজলভ্য করা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে সেবা প্রত্যাশীদের রেফার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আখলাখউজ জামান। সভাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কোঅর্ডিনেটর মো. শামসুজ্জামান।স্ট্রেনদেনিং সেফ মাইগ্রেশন সার্ভিস অ্যান্ড রেফারেল প্ল্যাটফর্ম (MSEP) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে এ সমন্বয় সভার আয়োজন করা হয়। প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো অভিবাসনপ্রত্যাশী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনীয় অভিবাসনসংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সেবার সঙ্গে তাদের সংযুক্ত করা।সভায় অভিবাসনের বিভিন্ন ধাপ সম্পর্কে সঠিক তথ্য জানার প্রয়োজনীয়তা, নিয়মিত ও বৈধ পথে বিদেশ যাওয়ার গুরুত্ব এবং অভিবাসনসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য অভিবাসীদের তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে মধ্যস্বত্বভোগী বা প্রতারণার ফাঁদে পড়ে যাতে কেউ আর্থিক ক্ষতির শিকার না হন, সে বিষয়ে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে দক্ষতা অর্জন, বৈধ নিয়োগপ্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা যাচাইয়ের গুরুত্বও সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তুলে ধরে।
অভিবাসনপ্রত্যাশীদের পাশাপাশি বিদেশফেরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা ও পুনঃএকত্রীকরণেও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে সভায় গুরুত্ব দেওয়া হয়। BRAC-এর মাইগ্রেশন প্রোগ্রামও নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, অভিবাসনপ্রত্যাশীদের সচেতনতা এবং বিদেশফেরত অভিবাসীদের পুনঃএকত্রীকরণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অভিবাসনসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।