চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
এবার সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও ফ্যামিলি স্মার্টকার্ডের মাধ্যমে কমদামে খাদ্যপণ্য বিক্রি করবে টিসিবি। চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার নিম্নআয়ের মানুষরা স্মার্টকার্ডের মাধ্যমে কম দামে খাদ্যপণ্য কিনতে পারবেন।
চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত এই স্মার্ট কার্ড পাওয়া গেছে ৭২ হাজার ৭৪১টি। জেলা প্রশাসন এইসব কার্ড উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসকদের অনুকূলে পাঠিয়ে দিয়েছে। এরই মধ্যে কার্ডধারীদের মধ্যে বিতরণও করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ম্যানুয়াল কার্ডধারীর সংখ্যা হচ্ছে ১ লাখ ৩০ হাজার ৩২৩টি। এর মধ্যে সদর উপজেলায় ৩১ হাজার ৮৫৭টি, শিবগঞ্জ উপজেলায় ৪১ হাজার ৯৯১টি, গোমস্তাপুর উপজেলায় ২০ হাজার ৫১৩টি, নাচোল উপজেলায় ১০ হাজার ৭৮৯টি ও ভোলাহাট উপজেলায় ৬ হাজার ৭৪৬টি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৯ হাজার ৭০৪টি, শিবগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৪২৯টি, রহনপুর পৌরসভায় ২ হাজার ৯৫৯টি ও নাচোল পৌরসভায় ২ হাজার ৩৫৯টি।
এর বিপরীতে স্মার্টকার্ড পাওয়া গেছে ৭২ হাজার ৭৪১টি। এর মধ্যে সদর উপজেলায় ২৩ হাজার ৪৬৯টি, শিবগঞ্জ উপজেলায় ১৯ হাজার ১৩৯টি, গোমস্তাপুর উপজেলায় ১৩ হাজার ৭৫২টি, নাচোল উপজেলায় ৫ হাজার ৮৭৮টি ও ভোলাহাট উপজেলায় ২ হাজার ২৫৪টি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৬০৯টি, শিবগঞ্জ পৌরসভায় ১ হাজার ২১৩টি, রহনপুর পৌরসভায় ১ হাজার ৯৬০টি ও নাচোল পৌরসভায় ১ হাজার ৪৬৭টি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাকিব হাসান তরফদার বলেন— প্রথম পর্যায়ে ৭২ হাজার ৭৪১টি ফ্যামিলি স্মার্ট কার্ড পাওয়া গেছে। বাকিগুলো শিগগিরই পেয়ে যাবো বলে আশা করছি।