চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে আবু হামজা সোহান (১৬) নামের এক কিশোর ট্রলিতে চাপা পড়ে নিহত হয়েছেন। নিহত সোহান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর মহল্লার আব্দুস সাত্তারের ছেলে।
গতকাল রবিবার সকালে সদর উপজেলার শেখ হাসিনা সেতুর (নতুন ব্রিজ)’র ওপর এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে নতুন শেখ হাসিনা সেতুর ওপর সোহান তার বন্ধুর মোটরসাইকেল চালানো শেখার সময় সে পড়ে যায়। এ সময় ইটবাহী ট্রলি তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোহানকে চাপা দেয়। এতে সোহান ঘটনাস্থলেই মারা যায়।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।