মাহিদুল ইসলাম ফরহাদ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) বিকেলে মহিপুর কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক ও আপসহীন রাজনৈতিক নেত্রী, যিনি সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তাঁর ইন্তেকালে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে তারা মন্তব্য করেন। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে তাঁর মতো দেশপ্রেমিক নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা। এ সময় তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে সকলের কাছে তাঁর জন্য দোয়া কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলী-সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।