নাসিম আলী,স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর–নাচোল–ভোলাহাট) আসনে বিপুল ভোটে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি উল্লেখ করেন, বিজয়ী হলে প্রধানত ১১টি খাতের আওতায় চিহ্নিত ৫৫টি বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সমৃদ্ধ, উন্নত ও নিরাপদ বাসযোগ্য এলাকায় রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।
ইশতেহারে পানি ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি মহানন্দা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ড. মিজানুর রহমান বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে ৫৫ দফার ইশতেহার বাস্তবায়ন করা সম্ভব হবে।
ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইয়াহিয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, শাহ আলম, গোলাম কবির গোপাল, উপজেলা জামায়াতের আমির ইমামুল হোদা, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহামেন, জেলা পূর্ব শাখা ছাত্রশিবির সভাপতি সালাউদ্দিন সোহাগ, ঢাকা পল্টন থানা জামায়াতের আমির মারফুল ইসলাম, নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, নাচোল পৌর আমির মনিরুল ইসলাম ডাবলুসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।