আব্দুল কাদির
''সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন'' এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল) ও আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় অনুষ্ঠানটির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয় শিবগঞ্জ উপজেলা। এতে দেশব্যাপী একযোগে সামাজিক অঙ্গীকারের অংশ হিসেবে শপথ পাঠ করেন অংশগ্রহণকারীরা। শপথ পাঠ শেষে স্থানীয়ভাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে কুলসুম ও ছাত্র আন্দোলনকারী আল বশরী সোহানসহ অন্যরা।
বক্তারা বলেন, একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ের সমাজ গড়তে হলে সমাজের প্রান্তিক মানুষ, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে হবে।
পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।